চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ পিএম
চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

“প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি  যুক্ত ছিল চাঁদপুর জেলা প্রশাসন। উক্ত ভিডিও কনফারেন্সে চাঁদপুর কেন্দ্র থেকে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানে অংশ নেওয়া হয়।

​অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক হৃদয়গ্রাহী পরিবেশে শিশুদের সাথে কুশল বিনিময় ও উপহার প্রদান করেন 

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান।

​অনুষ্ঠানে ও কুশল বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিশুদের সঠিক বিকাশ ও তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই বাংলাদেশ শিশু একাডেমির মূল লক্ষ্য। শিশু অধিকার রক্ষা ও চাঁদপুরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে