নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ পুলিশ হাতিয়া থানার আয়োজনে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন এএসপি (হাতিয়া সার্কেল) মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ প্রমুখ । যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত খেলায় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় দল (৩৮ রান ) বুড়ির চর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় দল (৩২ রান) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় খেলা কাবাডি চর্চার মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনসাধারনের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।