হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন,‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’—চিকিৎসাসেবায় গাফিলতি ও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনে বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁর নজরে বেশ কিছু অনিয়ম আসে। পরে হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন তিনি।

রোগী ও তাঁদের স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও করেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ শুনে দ্রুত প্রতিকারের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।

এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।