ঝিকরগাছায় প্লাটিনামের প্রলোভনে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ১

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০২:৩৩ পিএম
ঝিকরগাছায় প্লাটিনামের প্রলোভনে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ১

যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে।যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এসআই দেব্রবত ঘোষের নেতৃত্বে সাইবার ক্রাইম টিম অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুলকে আটক করেন। আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় রোববার রাতে ঝিকরগাছা থানায় মামলা করেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট সোহরাব হোসেন পিন্টু।

মামলা সূত্রে জানা যায়, সোহরাব হোসেন পিন্টুর প্রতিষ্ঠানে ৩ জন কর্মচারী কাজ করেন। তাদের মধ্যে মামুন নামে এক কর্মচারী প্রায় ৩ বছর ধরে সেখানে কর্মরত। গত ৭ আগস্ট মামুন তার পূর্ব পরিচিত শরিফুল ইসলামের কাছ থেকে জানতে পারেন, শরিফুলসহ আরও কয়েকজন একটি মূল্যবান ধাতব পদার্থ পেয়েছেন বলে দাবি করেন। সেটি প্লাটিনাম এবং বাংলাদেশি বাজারে এর আনুমানিক মূল্য ১৭ কোটি টাকা। এ সময় শরিফুল মামুনকে জানান, কথিত ওই ধাতব পদার্থ বিক্রির জন্য তারা একজন বিশ্বস্ত ক্রেতা খুঁজছেন। বিষয়টি মামুন তার কর্মস্থলের মালিক সোহরাব হোসেন পিন্টুকে জানান।

পরে গত ১০ আগস্ট শরিফুলসহ কয়েকজন সোহরাব হোসেনের বাড়িতে যান। সেখানে কথাবার্তার এক পর্যায়ে একটি নম্বরে যোগাযোগ করিয়ে দিয়ে বলেল, ওই ব্যক্তি কথিত ধাতব পদার্থটি কিনবেন এবং নগদ টাকা দিয়ে বাড়ি থেকেই নিয়ে যাবেন। অভিযোগে বলা হয়, ধাতব পদার্থটি সংগ্রহ করতে ৭২ লাখ টাকা প্রয়োজন হবে। ১৭ কোটি টাকায় বিক্রি করে লাভের টাকা ভাগ করে নেওয়ার প্রলোভন দেখানো হয়। এই প্রলোভনে পড়ে সোহরাব হোসেন পিন্টু ও মামুন বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করে শরিফুল ইসলামকে ৬৭ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। অত:পর ১৯ আগস্ট কথিত ধাতব পদার্থ আনতে সোহরাব হোসেন পিন্টু সাতক্ষীরায় যান। এ সময় শরিফুল তাকে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে চলে যান। যাওয়ার সময় তিনি বলেন, বাড়িতে গিয়ে ব্যাগটি খুলে দেখবেন। পরে বাড়িতে এসে ব্যাগ খুলে দেখেন এর ভেতরে একটি ইটের টুকরা রয়েছে। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোহরাব হোসেন পিন্টু যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন।

পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুলকে আটক করে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে তাকে ঢাকা থেকে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে আসা হয়। আজ (২৫ আগস্ট) মঙ্গলবার তাকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে