বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে এবং সকল ধর্ম, বর্ণ ও মতপথের মানুষজনকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী)। রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, এমনকি আমার পরিবারও পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সকল পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। বিগত দিনে বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মোটকথা, মানুষের মৌলিক চাহিদা পূরণে বর্তমান সরকার কাজ করছে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক, তবে তা অবশ্যই দলের ও দেশের স্বার্থের বাইরে নয়। দলের মধ্যে বিদ্যমান বিভেদ অচিরেই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আপনারা প্রত্যেকেই দলের দুর্দিনে দলের সাথে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই একটু ধৈর্য ধরুন, আমাদের সামনে ভালো সময় আসছে। সারাদিন যে যাই বলি না কেন, দিনশেষে দলের স্বার্থে সকলেই এক।”
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু ও মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু এবং পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারী প্রমুখ।