পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নে মহিলাদের রাস্তার কাজে (কেয়ার প্রকল্প) নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে ইউপি সদসয় ও এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে,গত ২ অক্টোবর শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহুর রহমান কেয়ার প্রকল্পের লোক নিয়োগের জন্য সরকারি বিধি লঙ্ঘন করে লোক দেখানো লটারির নাটক সাজান। বিধি অনুযায়ী উন্মুক্ত প্রচার ও স্বচ্ছতার মাধ্যমে লোক নিয়োগের কথা। কিন্তু ১০ জন মহিলার সাথে গোপনে আর্থিক চুক্তি করে তাদেরকে ইউনিয়ন পরিষদে ডেকে এনে নিয়োগ দেওয়া হয়। ঘটনাটি ফাঁস হলে ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও উপজেলা পরিষদ সদস্য বিউটি বেগম স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়াও পৃথক অভিযোগে জানান, সম্পূর্ণ গোপনীয়তা ও অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে সম্পন্ন হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বচ্ছতা রক্ষা করা হয়নি। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি করেছে। এ ব্যাপারে ইউপি সদস্য বিউটি বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে লটারির মাধ্যমে নাম তোলার কথা বলে নিয়োগপ্রাপ্ত ১০ জন ব্যক্তির কাছ থেকে মোট ১ লক্ষ্য ৫০ হাজার টাকা ঘুস গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঘটনার প্রমাণস্বরূপ একজন পুরুষ সদস্যের সাথে কথোপকথনের অডিও রেকর্ড তার নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শানেরহাট ইউনিয়নের কেয়ার প্রকল্পের নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রকৃত দরিদ্র মহিলাদেরকে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।