দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের শরীরে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৪৪ জনের। সিলেট বিভাগে ২১৪ জন, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ১২২, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া ১ হাজার ৫০৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৬২০ জন। চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ৩৫ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৫ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫১৮ জন, চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৭৯, বরিশালে ১৭২, খুলনায় ১২৮, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
এ সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনের মধ্যে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ৩ হাজার ৮১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। চট্টগ্রামে ৪৯ হাজার ৬৩৫, বরিশালে ২৬ হাজার ৫৮৯, সিলেটে ২২ হাজার ৩২৬, খুলনায় ১৭ হাজার ৬৫, ময়মনসিংহে ১৩ হাজার ২০৭, রাজশাহীতে ১২ হাজার ১১৩ এবং রংপুরে ৪ হাজার ৮২৪ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগী এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা ব্যক্তিদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা কঠিন। অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।