জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি

আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি: FNS

খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। পুলিশ আরও জানায়, অপহরণকারীরা বারবার মোবাইল নম্বর পরিবর্তন এবং অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে সময় লাগে। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারীদের সহযোগী ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের মূল অভিযুক্ত রুবেল গাজি ও তার মা আছিয়া খাতুনকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজি (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) এবং ভাই ইউছুপ গাজি (২৪)। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল। তিনি জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শরণখোলায় আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ রুবেল গাজি ও তার মাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে