সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, কারাদণ্ড

মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম
সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, কারাদণ্ড
ছবি: FNS

 নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইচের টেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন। পরে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের কথা স্বীকার করায় তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন কবির গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন বলে স্বীকারোক্তি দেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, হুমায়ুন কবিরের বাড়ি পাশের কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দাবি এলাকাবাসীর । তিনি দুই সন্তানের জনক। এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে কারাগারে পাঠানোর জন্য তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশ তাঁকে কারাগারে পাঠায়।

আপনার জেলার সংবাদ পড়তে