পিরোজপুরের বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
পিরোজপুরের বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
ছবি: FNS

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে বিপুল সংখ্যক আওয়ামী নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় ওই ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পিরোজপুর জেলা বিএনপি। বিএনপির অভিযোগ আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়ী ঘরেও হামলা চালিয়ে লুটপাট করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের এ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আজ সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বিএনপি এক প্রতিবাদ সভার ডাক দিয়েছে।

প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের তিন শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির ব্যাপক ক্ষতি হয়। পরে তারা মোবাইল টাওয়ার মোড় সংলগ্ন বিএনপির একটি পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময় নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর চালিয়ে তার কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পরে তার কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া থেকে সন্ত্রাসী কর্মকান্ড করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। রোববার বিকেলে টুঙ্গীপাড়া থেকে কয়েক শত আওয়ামী সন্ত্রাসী এসে নাজিরপুরে বিএনপির নেতা-কর্মীর বাড়ি ঘরে এবং বিএনপি অফিসে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নি সংযোগ করে। বিএনপি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি বলেন আজ সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বাজারে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হবে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে