প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার পর্দায় কাজের সংখ্যা এখন আগের মতো না হলেও বিভিন্ন ইভেন্টে উপস্থিত হতে দেখা যায় তাকে মাঝে মাঝেই। সেখানে জানালেন নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে কিছু কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে অভিনেত্রী প্রভা জানালেন, এখন আর যেকোনো ধরনের নাটক বা কাজে যুক্ত হতে চান না। বেছে বেছে এমন কাজ করতে চান, যেগুলো করে নিজের শিল্পীসত্তার তৃপ্তি মেলে। পাশাপাশি নিজের ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার) থাকার কথাও জানিয়েছেন তিনি। এ কারণে শুটিংয়ের পরিবেশেও কিছুটা সমস্যা হয় তার। বিশেষ করে সিগারেটের গন্ধ সহ্য করতে পারেন না এই অভিনেত্রী। কাজের বিষয়ে নিজের অবস্থান জানিয়েই আসে এ প্রসঙ্গ। প্রভা বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাঁই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি। কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ; সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাঁই না।’ নিজের ওসিডি ও ব্যক্তিগত জীবনযাপন নিয়ে প্রভা বলেন, ‘আমি বারবারই বলি, আমি খুব একটা শুটিং ফ্রেন্ডলিও না। কারণ আমার প্রচুর ওসিডি আছে। সিগারেটের গন্ধও আমাকে প্রভাবিত করে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।’ এছাড়াও অনুষ্ঠানে নিজের ভ্রমণের অভ্যাস ও সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা নিয়ে কথা বলেন প্রভা। তার ভাষ্য, কাজের ব্যস্ততায় খুব বেশি ছুটি পান না তিনি। তবে কাজের প্রয়োজনে বা নিজের শখে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন। পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে অনেকে মনে করেন, তিনি প্রায়ই বিদেশে থাকেন। অথচ কাজের চাপে অনেক সময় আগের তোলা ছবি ও ভিডিওই পোস্ট করেন বলে দাবি এই অভিনেত্রীর।