জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষ্যে আমতলী ও পাথরঘাটায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উভয় স্থানেই র্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলীতে ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, এফোরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। একই সময়
পাথরঘাটার গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। সভায় বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তার ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং সেই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের এই দাবি জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।