নবাবগঞ্জে লিমা রাত্রি রায়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:১২ পিএম
নবাবগঞ্জে লিমা রাত্রি রায়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: FNS

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ লিমা রানি রায়ের (২২) মৃত্যুর ঘটনায় স্বামীসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ নভেম্বর) বেলা ১২ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, যৌতুকের দাবিতে লিমা রানীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। ঘটনার দিনও তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাচোয়া খামার এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়েছে, যৌতুকের দাবিতে লিমা রানীকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর রাত ৯টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর পার্বতীপুর থানায় মামলা করেন। মামলার নম্বর ০৮, জিআর নম্বর ৩১১। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় মামলাটি করা হয়েছে। এতে নিহতের স্বামী শিমুল চন্দ্র সরকার ও আরতি বালাসহ অন্যদের অভিযুক্ত করা হয়েছে।
মানববন্ধনে স্থানীয় মনোয়ার হোসেন জানান, একজন নারীকে যৌতুকের জন্য নির্যাতনের স্বীকার হয়ে প্রাণ হারাতে হবে, এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের বড় ভাই সৌরভ চন্দ্র সরকার জানান, আমার বোনের মৃত্যুর সুষ্ঠু বিচার চাঁই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমড়া বোন হত্যার ন্যায়বিচার চাঁই। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান,মূল আসামি গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকী আসামীদের গ্রেফতার করা হবে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে