এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :

জিয়ানগরে বিষ প্রয়োগে ১৩ মুরগির মৃত্যুর অভিযোগ, থানায় অভিযোগ

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম
জিয়ানগরে বিষ প্রয়োগে ১৩ মুরগির মৃত্যুর অভিযোগ, থানায় অভিযোগ
ছবি: FNS

পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৩টি মুরগি হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. ইমরান হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান হাওলাদারের বাড়িতে তাঁর স্ত্রী হাঁস-মুরগি পালন করেন। প্রতিবেশী সালাউদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী তামান্না বেগমের সঙ্গে মুরগি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। মুরগি তাঁদের বাড়ির উঠানে গেলে তাঁরা লাঠি ও ঢিল ছুড়ে তাড়ানোর পাশাপাশি বিভিন্ন সময় গালাগাল ও হুমকি দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইমরান হাওলাদারের ভাষ্য, ঘটনার দিন সকালে বাড়ির উঠানে তাঁর ১০টি মুরগি ছটফট করতে করতে মারা যায়। পরে আরও তিনটি মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে ১৩টি মুরগির আনুমানিক মূল্য ১১ হাজার টাকা। এ ছাড়া তাঁর আরও কয়েকটি মুরগি অসুস্থ হয়ে পড়েছে। প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পর খাবারের সঙ্গে বিষ মেশানোর কারণে মুরগিগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সালাউদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী তামান্না বেগমকে বিবাদী করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে তামান্না বেগম বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। মুরগি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’ জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে