তালেবান ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

এফএনএস | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ পিএম
তালেবান ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড
ছবি: FNS

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। তালেবান সরকারের নারীদের প্রতি আচরণ এবং আফগানিস্তানে নারীদের ক্রিকেটের বর্তমান পরিস্থিতির কারণে আইসিসির বাধ্যবাধকতা ছাড়া তাদের সঙ্গে কোনো ম্যাচ খেলবে না ক্রিকেট স্কটল্যান্ড। এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বাধ্য হলে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে প্রস্তুতি ম্যাচও রয়েছে। তবে নারীদের ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে তারা নিজ উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না। স্কটল্যান্ড সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গত গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ড। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলন সুবিধা চেয়েছিল আফগানিস্তান। পরে পরিকল্পিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। তবে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ক্ষেত্রে বাধা দিচ্ছে না স্কটল্যান্ড। গত সপ্তাহের আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। লিগটি আইসিসির অনুমোদন পেলে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। সংস্থাটি অবশ্য স্পষ্ট করেছে, কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হলে সেটি বর্তমান আফগান শাসনব্যবস্থা বা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচিত হবে না।