৮ বছরের পুরনো স্যান্ডপেপার কেলেঙ্কারি বা শিরিষকাগজ দিয়ে বল টেম্পারিংয়ের ঘটনা আবারও নাড়া দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। সেবার ঘটনার জেরে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রাফটকে সাজা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই পুরনো ঘটনার কথা ফিরিয়ে এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। নিজের অটোবায়োগ্রাফি ‘সবর’-এ বল টেম্পারিং নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন তিনি। তার মতে, কেবল ৩ ক্রিকেটার নয়, পুরো দলই ঘটনা জানত। খাজার এমন বক্তব্য বিস্ফোরিত হয়েছে ক্রিকেট দুনিয়ায়। অনেকে সমালোচনার তীরে খাজাকে বিদ্ধও করেছেন। তবে সাবেক সতীর্থ এবং এই ঘটনার কারণে ১ বছরের নিষেধাজ্ঞা এবং অধিনায়কত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা পাওয়া ডেভিড ওয়ার্নার দাঁড়িয়েছেন খাজার পাশেই। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে ওয়ার্নার বলেছেন, ‘আমি এই বিষয়ে কথা বলিনি আট বছর হয়ে গেছে। উজি (উসমান খাজা), আমি তোমার পাশে পুরোপুরি আছি। তুমি যা বলেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা ১০০% সঠিক।’ ওয়ার্নার আরও বলেছেন, ‘এখন সবাই সত্যটা জানে, বিষয়টি (বল টেম্পারিং) প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সামনে এসে সেসব বলেছ। এখন কেউ কেউ প্রশ্ন তুলছে, আট বছর পর কেন বই বিক্রির উদ্দেশে এসব কথা বলা হচ্ছে? এগুলো উসমানের গল্প, এগুলো উসমানের বিশ্বাস। সেদিন থেকে প্রতিটি ঘটনা উজি লিখে রেখেছে। উজি, তোমাকে ধন্যবাদ।’ ওয়ার্নার জানান, ‘পুরো সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে করা হয়েছিল এবং এতে বড় ধরনের গলদ ছিল। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসে ছিল। অথচ উজির সাক্ষাৎকারই নেওয়া হয়নি। তাহলে বিষয়টিকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে। আমড়া এখানে কাউকে দোষারোপ করতে আসিনি, পুরোনো ক্ষতও নতুন করে খুলতে চাঁই না। বিষয়টি হলো জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা, সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখা। সম্ভবত এখন সময় এসেছে ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করে, যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদের কাছেই জবাবদিহি চাওয়ার।’ ওয়ার্নারের মতে, ‘গত আট বছরে সংবাদমাধ্যমে অনেকের পক্ষ থেকে বহু বক্তব্য দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক ভুল তথ্যও ছিল। আবার অনেকেই নীরব থেকেছেন। কাজটি করা কঠিন ছিল। তবে একটি কথা আমি (আমার মেয়েদের) বলেছিলাম, মেয়েরা, সত্যিটা বলো। কারণ মিথ্যা একসময় প্রকাশ্যে আসবেই।’ বিষয়টি সামনে আনাতে খাজাকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার আরও বলেছেন, ‘এটি অস্ট্রেলিয়ার সবার জন্য। যে প্রশ্নটি সবাই এতদিন ধরে করে আসছে, উজি, তুমি সেটির উত্তর ঠিক যেভাবে হওয়া উচিত, সেভাবেই দিয়েছ। তোমার কথাগুলো শতভাগ সঠিক। আমার পরিবারের জন্য সময়টা কঠিন ছিল। স্টিভেন ও ক্যামেরনের জন্যও নিঃসন্দেহে কঠিন সময় গেছে। কিন্তু এই সত্যটাই সামনে আসা প্রয়োজন ছিল।’ বিষয়টি নিয়ে আগেই তদন্ত করে ৩ ক্রিকেটারকে শাস্তিও দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খাজা আবারও বিষয়টি সামনে আনায় নতুন করে বিবৃতি দিয়েছে সিএ। তারা জানিয়েছে, ‘২০১৮ সালের কেপটাউন টেস্টের পর গত আট বছরে এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা হয়েছে। বিশেষ করে গত মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে। এই পুরো সময়ে প্রাসঙ্গিক যেকোনো তথ্য উপস্থাপনের সুযোগ ছিল এবং এখনও সেই সুযোগ রয়েছে। এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে উপস্থাপিত সব প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। আমাদের ইন্টিগ্রিটি প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া সিদ্ধান্তের ব্যাপারে আমড়া এখনও সন্তুষ্ট।’ কিছুদিন আগেই আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যায় অস্ট্রেলিয়া। সেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে অজিরা।