যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা না থাকায় শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে, ত্রাণ ও পুনর্গঠনসামগ্রী প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।
গাজায় অক্সফামের প্রতিনিধি ওয়াসেম মুশতাহা আল-জাজিরাকে বলেন, ভারী বন্যায় উপত্যকাটির পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে। বন্যার কারণে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে। একই সঙ্গে গাজার ৬৫ শতাংশ এলাকাকে মানুষের প্রবেশের জন্য নিষিদ্ধ করে রেখেছে দেশটি। ফলে যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা পাচ্ছেন না অনেক মানুষ।
মুশতাহা জানান, অক্সফামের কর্মীরা বৃষ্টির পানি নিষ্কাশনের নালা ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে মেরামতের কাজ করছেন। পাশাপাশি পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার প্রয়োজনীয় মেরামতের জন্য বালুর বস্তা ও জরুরি সরঞ্জাম সরবরাহ করছেন তারা। তবে পরিস্থিতি মোকাবিলায় আরও সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।
তার মতে, খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, পাইপ, ভারী যন্ত্রপাতি ও আশ্রয় নির্মাণের উপকরণ জরুরি ভিত্তিতে গাজায় প্রবেশ করতে দিতে হবে। তা না হলে চলতি শীতে আরও মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মুশতাহার অভিযোগ, ইসরায়েলের চলমান সামরিক অভিযান গাজার কার্যকর সব ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জরুরি অবকাঠামো পুনরুদ্ধার ও মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী নির্বিঘ্নে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজাজুড়ে ফিলিস্তিনিদের নেতৃত্বে পুনর্গঠন কার্যক্রম নিশ্চিত করারও দাবি জানিয়েছেন অক্সফামের এই প্রতিনিধি।