পাইকগাছায় মাদককারবারি সহ আটক ৭

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:৫৪ পিএম
পাইকগাছায় মাদককারবারি সহ আটক ৭
ছবি: FNS

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে মাদককারবারী, শিশু যৌণ হেনস্থাসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে মাদক মামলায় চারজনের প্রত্যেককে সামারি ট্রায়ালে ৫ শ’টাকা জরিমানাসহ তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ পিস ইয়াবাসহ একজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় আরোও দুজনকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গড়ইখালী গ্রামের মৃত আইয়ুব আলী জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দার, রেজাকপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ইসরাফিল সরদার, গড়ইখালী গ্রামের আজিজুল মল্লিকের ছেলে এনামুল মল্লিক এবং একই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে ওবায়দুর রানা। অন্যদিকে, রবিবার দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর হোসেন ওরফে শিমুলকে (২০) গ্রেপ্তার করা হয়। সে কপিলমুনির মো. হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং- ৫, তারিখ ৮/১১। এ ছাড়া চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা নং- ৪/১১। তিনি চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা সম্পন্ন হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। একই রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাতড়াবুনিয়া গ্রামের মৃত কালীচরণ মণ্ডলের ছেলে দেবাশীষ মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে