পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

এফএনএস (ঢাকা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:০২ পিএম
পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
ছবি: FNS

বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজের গ্রেপ্তার ও প্রত্যর্পণের পথ সহজ করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর দাবি, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। এ ক্ষেত্রে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, বাংলাদেশে এসে বিচার মোকাবিলা করার মতো পরিস্থিতি আছে বলেই শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন বলে মনে হতে পারে। তবে সমস্যা হলো, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি দিয়েছে।
আসিফ নজরুলের ভাষ্য, প্রত্যর্পণের অনুরোধ করা একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
সাবেক এই আইন উপদেষ্টার মতে, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই প্রক্রিয়াই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই শেখ হাসিনা দেশে ফেরার সাহস করছেন। ফলে বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এমন অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তিনি। ভারতের কাছে প্রত্যর্পণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।
ফেসবুক পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”

আপনার জেলার সংবাদ পড়তে