বরিশালের উজিরপুর উপজেলার যুগীরকান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘যুগীরকান্দা প্রিমিয়ার লিগ-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। জমজমাট এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকাবাসী।
যুগীরকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার (৭ নভেম্বর) বিকেলে এ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে যুগীরকান্দা যুবসমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম আলাউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো, মনিরুজ্জামান মৃধা, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, যুগীরকান্দা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ চন্দ্র মণ্ডল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরদার, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইনুল তালুকদার, ওটরা ইউনিয়ন ছাত্রদল নেতা মো. হৃদয় প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা বলেছেন-খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং যুবসমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ রাখার অন্যতম কার্যকর মাধ্যম। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেছেন, যুগীরকান্দা প্রিমিয়ার লিগের মতো উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। এ সময় তিনি সুন্দর ও সময়োপযোগী আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল আয়োজক, খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি যুবসমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন। আয়োজকরা জানিয়েছেন, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার জন্য তারা প্রত্যাশা ব্যক্ত করেন।