সেনবাগে বিদ্যুতের তারে জড়িয়ে গাভীর মৃত্যু, ক্ষতি দেড় লাখ টাকা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
সেনবাগে বিদ্যুতের তারে জড়িয়ে গাভীর মৃত্যু, ক্ষতি দেড় লাখ টাকা
ছবি: FNS

নোয়াখালীর সেনবাগে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গাভীর মৃত্যু হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ফকির আহমদ। রোববার সকালে সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোণ গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চারিদ্রোন দক্ষিণ পাড়া মনকাজী বাড়ির আবুল হাশেমেন ছেলে দরিদ্র  কৃষক ফকির আহমদ এনজিও থেকে ঋণ নিয়ে একটি গাভি পালন করছিলেন। রোববার সকালে বাড়ির সামনে ঘাস খাওয়ার জন্য গাভীটিকে বেঁধে রেখে তিনি বাড়িতে যান। এ সময় গাভীটি ঘাস খেতে খেতে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির কাছে চলে যায়। একপর্যায়ে খুঁটির টানা তারের সঙ্গে বিদ্যুতের মূল সংযোগ ছিঁড়ে গিয়ে সংযুক্ত হওয়ায় তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। গাভীটি ওই তারের সংস্পর্শে আসামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে গাভীটির বাছুরটি দূরে থাকায় প্রাণে রক্ষা পায়। এ ঘটনায় ঋণ নিয়ে গাভীটি পালন করা কৃষক ফকির আহমদ আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। তাঁর দাবি, গাভীটির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক খুঁটির টানা তারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে