ব্যাটে বল লাগার শব্দ নকল করে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ এএম
ব্যাটে বল লাগার শব্দ নকল করে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার
ছবি: FNS

ক্রিকেট মাঠে ব্যাটে বল লাগার শব্দ নকল করতে আঙুল ফুটিয়েছিলেন এক ফিল্ডার। সেই প্রতারণার ঘটনা ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এবার সেই ঘটনার জেরে অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটনাটি ঘটে গত জুলাইয়ে। সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন ডিভাইন। নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় আঙুল ফুটিয়ে শব্দ করেন তিনি। এরপর উইকেটকিপার বলটি ক্যাচ নিলে সল্টবার্নের খেলোয়াড়রা আবেদন করেন এবং আম্পায়ার শাবিরকে আউট দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তদন্ত। তদন্ত শেষে ডিভাইন ও তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় লিগ কর্তৃপক্ষ। পন্টিংকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে তিনি খেলতে, কোচিং করাতে, আম্পায়ারিং করতে কিংবা জুনিয়র দলের ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারবেন না। শুধু পন্টিংই নন, শাস্তি পেয়েছে তার ক্লাব সল্টবার্নও। দ্বিতীয় বিভাগ থেকে অবনমিত করা হয়েছে। ২০২৭ মৌসুমে তারা তৃতীয় বিভাগে খেলবে এবং মৌসুম শুরু করবে ৬০ পয়েন্ট কেটে নিয়ে। ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সল্টবার্নের একাধিক ম্যাচে ডিভাইন ও দলের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও শাস্তি পেয়েছেন শুধু ডিভাইন, কর্তৃপক্ষের ধারণা ছিল দলের অন্য সদস্যরাও এই ঘটনায় জড়িত ছিলেন।