হৃদয়ের হৃদয়জুড়ানো ২৪২, বাংলাদেশের স্বপ্নে রঙিন দিন

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ এএম
হৃদয়ের হৃদয়জুড়ানো ২৪২, বাংলাদেশের স্বপ্নে রঙিন দিন
ছবি: FNS

১৮৪ রানে ৭ম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখনও ১৭২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বড় লিডের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তা হতে দেননি তাওহিদ হৃদয়। রীতিমতো একক প্রচেষ্টায় বাংলাদেশকে লিড এনে দিলেন এই ব্যাটার। তার ডাবল সেঞ্চুরিতে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের টপকে গেছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬২ রান। বাংলাদেশের লিড এখন ৬ রানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৩৫৬ রান। গতকাল শনিবার ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে। ফলে হৃদয়ের সঙ্গে তার জুটি থামে ৭৩ রানে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে নেমেই লিটন দাস আগ্রাসি ব্যাটিং শুরু করেন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়ে ফাঁদ তৈরি করেছেন ওয়ারিকান। ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে মুশফিকের মতোই কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়েছেন। ক্যারিবীয় তারকা সেটি তালুবন্দী করলেন একদম আয়েশি ভঙ্গিতে। হৃদয়-মেহেদি মিরাজের জুটিও আশা দেখিয়ে ভেঙেছে ৪১ রানে। বেশ সাবলীল ব্যাটিং করতে থাকা মিরাজ রোস্টন চেজের বলে প্যাডেল শট খেলার মনস্থির করেছিলেন আগে থেকেই। ফলে ঠিকঠাক ব্যাটে না হওয়ায় ক্যাচ উঠে যায়, প্রথম স্লিপ থেকে দৌড়ে গিয়ে জাস্টিন গ্রিভস ঝাঁপিয়ে সেটি লুফে নেন। ১৬ রানে থামলেন মিরাজ। ৬ রানের ব্যবধানে আউট হয়েছেন হাসান মাহমুদও। ওয়ারিকানের বাইরে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের আলতো স্পর্শ নিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। ফলে ১৮৪ রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারায়, তখনও ক্যারিবীয়রা ১৭২ রানে এগিয়ে। ফলে এই ম্যাচে বাংলাদেশের ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। তবে হাল ছাড়েননি হৃদয়। তাইজুলকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন হৃদয়। যেখানে বড় অবদান হৃদয়ের। তবে তাইজুলও এক প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন। ৫৬ বলে ২২ রান করে তিনি ফিরলে ভাঙে এই জুটি। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন হৃদয়। ইতোমধ্যেই পেয়েছেন নিজের ডাবল সেঞ্চুরির দেখা। এটিই তার প্রথম তিন অঙ্কের ইনিংস, অর্থাৎ নিজের অভিষেক সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট স্বীকার করেছেন জোমেল ওয়ারিকান। ২ উইকেট তোলেন জেডন সিলস। ১টি করে উইকেট নিয়েছেন শামার জোসেফ, জাস্টিন গ্রিভস এবং রোস্টন চেইজ। শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছে তারা। এরপর খেলা বন্ধ হয়েছে আলোকস্বল্পতার কারণে। আর ফেরা হয়নি। দিন শেষ হয়েছে। এখনও ২৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ক্রিজে টিকে আছেন জশুয়া ডা সিলভা এবং ব্রেন্ডন কিং।