অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের ফেসবুক পেজ থেকে গত শুক্রবার রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি বলেন, তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে। রাশেদ মামুন অপু বলেন, অভিনয়শিল্পী সংঘের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য একটি সালিশ কমিটি আছে যা সার্বভৌম এবং স্বাধীন। এই সালিশ কমিটি উদ্ভূত ঘটনার পরিস্থিতিতে তাদের দুজনকেই সালিশের জন্য ডাকা হয়। সেখানে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হচ্ছে তারা মাফ চেয়ে বিবৃতি দেবেন এবং একটি ভিডিও বার্তা পাঠাবেন। সেটা আমড়া প্রকাশ করব কি করব না এটা একান্তই সংগঠনের নিজস্ব ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীতে দুটি সিদ্ধান্তের কোনোটাই তারা মানেননি এবং তাদের পরপর দুটি চিঠি দেওয়ার পরও তারা চিঠির কোনো সদুত্তর দেননি এবং চিঠিগুলো ফেরত আসে। পরবর্তীতে তাদের ফোনও করা হয়, কিন্তু ফোনের কোনো সদুত্তর না পাওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি বাধ্য হয়ে ইসি কমিটিকে তাদের সদস্যপদ বাতিলের জন্য সুপারিশ করে। পরবর্তীতে ইসি কমিটি সভায় এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আরও বলেন, অভিনয় শিল্পী সংঘ যে কোনো মূল্যে আমাদের কর্মস্থলে ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে সদা জাগ্রত। আশা করি পরবর্তীতে এই বিষয়গুলোতে সবাই খুব সজাগ থাকবেন এবং যেহেতু আমড়া একই পরিবার, সেহেতু পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভাতৃত্ব এবং শৃঙ্খলা এবং ভালোবাসা যেন সবার মধ্যে অটুট থাকে এটাই কাম্য। গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা বরাবর পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু। চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কোনো ধরনের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি।