মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ববিরোধের জেরে হামলায় টেঁটাবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আতাউর রহমান (৪৩) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গৎ ২৭ অক্টোবর রাতে বড় ভাটেরচর গ্রামের
বিএনপির প্রবীণ নেতা ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন আড়তে বেচাকেনা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের অনুসারী রিফাত, মুজাহিদ, নীরব, সোহান, জুনায়েদ ও শাহজালালসহ ৮ থেকে ১০ জন টেঁটা, রামদা ও ছুরি নিয়ে তাঁর ওপর হামলা চালান। প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে তিনি স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গেলে গিয়াস উদ্দিনের ছোট ভাই আতাউর রহমান টেঁটাবিদ্ধ হন। তাঁকে রক্ষা করতে ছেলে বাইজিদ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহেল এগিয়ে গেলে তাঁদেরও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
বক্তারা আরও জানান, গুরুতর আহত আতাউর রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনও গ্রেপ্তার হননি। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।