বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত আরোপ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দিতে হবে। এ ফর্ম ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নতুন নিয়মে আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করা কপি অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) সংযুক্ত করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটের বাইরে অন্য কোনো ফর্ম গ্রহণযোগ্য হবে না। ভিসা আবেদনপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
এক পাতার নির্ধারিত ফর্মে প্রথমে আবেদনকারীর নামসহ ব্যক্তিগত পরিচিতির পাঁচটি তথ্য দিতে হবে। এগুলো হলো—পাসপোর্টে উল্লেখিত পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা।
এরপর ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো যে কারণে আবেদন করা হচ্ছে, সেটি ফর্মে লিখতে হবে।
অঙ্গীকারনামায় আবেদনকারীকে তিনটি বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করবেন না। দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলবেন। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়াবেন না।
এ ছাড়া আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক এবং আবেদন জমা দেওয়ার দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা—এমন ঘোষণাও দিতে হবে।
ফর্মে উল্লেখ করা হয়েছে, অঙ্গীকারের কোনো শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
অঙ্গীকারনামার শেষাংশে আবেদনকারীর স্বাক্ষর, ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসার আবেদনের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সঠিকভাবে পূরণ করে অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে আবেদনকারীদের।