সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ‘কড়া আলাপ’ শীর্ষক টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘এই পাপের লাশ বাংলাদেশে আসুক, আমি তা চাই না।’
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণভাবে আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। তাই তিনি মন্তব্যটি সম্পূর্ণ প্রত্যাহার করছেন। কামরুজ্জামান রতন আরও লেখেন, তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি বলেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।