রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক কারবারে জড়িত ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ অভিযানের দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা গেলেও অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করে রাখা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকার মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে বিক্রেতাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।
ভিডিওতে ইশরাক হোসেনের হাতে থাকা পিস্তলটির কিছু অংশ ঝাপসা থাকায় সেটি কী ধরনের অস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তাঁর হাতে অস্ত্রটি থাকার কারণ কিংবা সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছিল কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পরে ইশরাকের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন।বার্তায় তাঁর বক্তব্য তুলে ধরে বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে।শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, যদি আমার দলের হয়, তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।”
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশ অভিযান চলবে,বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।”
অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে হাতজোড় করলে তাঁদের আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, “তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। তাদের বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।”এর আগে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিয়ে আসেন।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।