সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৫ জন সন্দেহজনক হাম রোগী।
রোববার (১১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া তিন শিশুর সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মৃত শিশুদের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাল আহমেদের ছয় মাস বয়সী ছেলে আরাব রয়েছে। অন্য দুজন সুনামগঞ্জের বাসিন্দা। তাদের একজন দিরাই উপজেলার সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার। অপরজন জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৯০ জনের মধ্যে ১৮০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগী হিসেবে। বাকি ১০ জনের শরীরে পরীক্ষাগারে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছিল।
২৪ ঘণ্টায় ভর্তি ১৩০ রোগী
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৩০ জনের মধ্যে ৫৫ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৫ জন বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫১৫ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৮০ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন।
চলতি বছরে হাম শনাক্ত ১ হাজার ৯৫ জনের
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের ১ হাজার ৯৫ জনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শিশুদের মৃত্যু এবং সন্দেহজনক হাম নিয়ে নতুন রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ধারাবাহিকতায় সিলেট বিভাগে রোগটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।