দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট (সিন্ডিকেট) বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত ৫ অক্টোবর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(গ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
মনোনীত অপর সদস্য হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। আর সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের চিঠিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
রংপুরের পরিচিত মুখ অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে তার অন্তর্ভুক্তিকে সংশ্লিষ্ট মহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।