পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং সাংবাদিকরা হচ্ছেন প্রশাসনের অন্যতম প্রধান সহযোগী। পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলা প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন তৈরিতে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “পটুয়াখালীর যেকোনো সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা আপনারা লেখনীর মাধ্যমে নির্ভয়ে তুলে ধরবেন। জেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।” এবং সরকারের ঊর্ধ্বতন মহলে যথাযথভাবে পৌঁছে দেয়া হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ূম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অনিক সাহা।
মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমস্যা, সম্ভাবনা ও জনদাবি তুলে ধরে বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পটুয়াখালীকে একটি রোল মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।