এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠন

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ পিএম | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ পিএম
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠন

এশিয়ান গেমসে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের আসরে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাপানে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। কিন্তু কোনো ইভেন্টেই ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের আসরে বাংলাদেশের বড় প্রত্যাশার জায়গাগুলোর মধ্যে ক্রিকেটও ছিল। তবে ক্রিকেট থেকেও কোনো পদক পায়নি বাংলাদেশ। পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হয় শ্রীলঙ্কার। সেই ম্যাচেও হতাশ হতে হয় বাংলাদেশকে। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ হয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। শ্রীলঙ্কা জিতে নেয় ব্রোঞ্জ পদক। গতকাল রোববার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আমিনুল হক বলেন, শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াকে আর সাফল্যের মাপকাঠি হিসেবে দেখতে চায় না সরকার। বরং যেসব খেলায় বাংলাদেশের পদক জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে, সেসব ইভেন্ট চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে চান তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষায়, “এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। এই ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতিমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা। যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।” এর আগে এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০১০ সালে পুরুষ ক্রিকেটে সোনা জয়ের পর পরবর্তী আসরগুলোতেও পদক পেয়েছিল দেশটি। এবারই প্রথম ক্রিকেট থেকে পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্টেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। এবারের আসরে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছে উশু থেকে। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন উশু খেলোয়াড় জিন্নাত আক্তার।

আপনার জেলার সংবাদ পড়তে