ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের জমির ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে উন্নয়নের নামে সাধারণ মানুষ যেন নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের ফলে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে পড়েছেন। অথচ জমির প্রকৃত বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নির্ধারণ ও দ্রুত ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা বলেন, বৃহৎ এ উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না তারা। বরং উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার দাবি জানাচ্ছেন। জমির যথাযথ মূল্য ও ক্ষতিপূরণ নিশ্চিত না হলে অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে। মানববন্ধন থেকে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া পুনর্বিবেচনা, প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের স্বার্থও সমান গুরুত্ব পাবে এবং কেউ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন।