চাটমোহর

এনায়েতুল্লাহ মাদ্রাসার গভর্নিং বডি গঠণে অনিয়মের অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম
এনায়েতুল্লাহ মাদ্রাসার গভর্নিং বডি গঠণে অনিয়মের অভিযোগ

পাবনার চাটমোহর পৌর সদরে অবস্থিত এনায়েতুল্লাহ ইসলামিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসার গভর্নিং বডি অনিয়মের মধ্যে গঠণ করা হয়েছে মর্মে অভিযোগ তুলে তদন্তের দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই দাবি করা হয়। অভিযোগ করা হয়,অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে গভর্নিং বডি গঠণ ও অনুমোদন করানো হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের বাদ দিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু ইসহাক গোপনে এই গভর্নিং বডি অনুমোদন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই গভর্নিং বডি গঠণে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনৈর দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই তদন্ত দাবি করা হয়। চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোখলেসুর রহমান বিদ্যুৎ,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুসহ অন্যরা এই দাবি উপস্থাপন করেন। সভার সভাপতি সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান।   

অভিযোগে বলা হয়,গভর্নিং বডিতে যাদেরকে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে,তারা কেউই অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশ নেননি ও নির্বাচিতও হননি। শুধু তাই নয়,গভর্নিং বডির কোন প্রকার সভা ছাড়াই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু ইসহাক একজনকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত দেখিয়েছেন। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ৩ জন ও শিক্ষক প্রতিনিধি ৩ জনকে বাদ দিয়ে এই গভর্নিং বডি অনুমোদন করা হয়েছে। গোপনে অনুমোদিত গভর্নিং বডির বিষয়টি জানাজানি হলে চাটমোহরে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে কথিত এই গভর্নিং বডি বাতিলের। এরই মধ্যে গত শনিবার গভর্নিং বডির সভা আহবান করা হয়। সভাটি মাদ্রাসায় না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইসহাক তার বাড়িতে গোপনে সম্পন্ন করেন বলে জানা গেছে।  এদিকে এই গভর্নিং বডিকে অবৈধ দাবি করে গভর্নিং বডির দাতা সদস্য ও চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।   অভিযোগে বলা হয়েছে,মাদ্রাসায় নিয়ম বহির্ভুতভাবে গভর্নিং বডি গঠণ করা হয়েছে। কোন সভা ছাড়াই নির্বাচিত করা হয়েছে সহ-সভাপতি। যারা নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন,তাদেরকে গভর্নিং বডিতে রাখা হয়নি। যেটা বড় ধরণের জালিয়াতি ও অনিয়ম। যাদের রাখা হয়েছে,তারা কোন নির্বাচনের মাধ্যমে আসেননি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউকে না জানিয়ে চরম স্বেচ্ছাচারিতার মাধমে নিজের ইচ্ছেমতো অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি তৈরি করে গভর্নিং বডি অনুমোদন করিয়েছেন। 

এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু ইসহাকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম জানান,তিনি গভর্নিং বডি গঠণের বিষয়টি জানেন না। দাতা সদস্যের অভিযোগ পাওয়ার পর জানলাম। তিনি বলেন,আমি প্রিজাইডিং অফিসার নিয়োগ পাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছি। তারা কেন,কিভাবে বাদ যায়,সেটা আমার বোধগম্য নয়।  চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান,অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে