কয়রায়

জমি দখল ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম
জমি দখল ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে জালিয়াতির মাধ্যমে জমির কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহারাজপুর গ্রামের মৃত উজির আলীর পুত্র মো. আবুল হোসেন গাজী। এ সময় মো. আশরাফ আলী, মো. রফিকুল ইসলাম গাজী সহ অনেকেই উপস্থিত ছিলেন । লিখিত বক্তব্যে আবুল হোসেন গাজী জানান, মহারাজপুর মৌজার কয়েকটি খতিয়ানের জমি দীর্ঘদিন ধরে তারা ক্রয় ও ওয়ারিশসূত্রে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট জমির মধ্যে প্রায় ৯৯ শতক জমি রেকর্ডীয় মালিকদের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করা হয়। পরবর্তীতে আরও প্রায় ৩৭ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি মঠবাড়ি গ্রামের মোবারক আলী গাজী ও তার পরিবারের সদস্যরা ওই জমির দখল নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে একটি খতিয়ানের প্রায় ১ দশমিক ১৬ শতক জমি নিয়ে ‘ভুয়া রেকর্ড’ প্রস্তুত করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিষয়টি নিয়ে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট জমির বিষয়ে তাদের দাবির পক্ষে অন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এরপরও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। লিখিত বক্তব্যে আবুল হোসেন আরও বলেন,  এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। তবে একটি ফেসবুক পোস্টের বিষয়ে ভুল বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তি পরে পোস্টটি সরিয়ে নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় ভুক্তভোগীরা বলেন, তারা শান্তিপ্রিয় মানুষ। জমি নিয়ে বিরোধের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করার পাশাপাশি জাল কাগজপত্র তৈরি, জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির কাগজপত্র যাচাই, দখল রক্ষা এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে