বরিশালের বাবুগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে ১৪ জন উপকারভোগীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৪ জন উপকারভোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। বাবুগঞ্জের কৃতি সন্তান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ বেগম সেলিমা রহমানের উদ্যোগে প্রাপ্ত অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান, মো. রিয়াজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।