ঝিনাইদহের মহেশপুরে ৬ হাজার ৭০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ (ট্যাবলেট ও ক্যাপসুল)সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা ওষুধের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা।বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা ইউনিয়নের নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জাকারিয়া জাকু (২৯) ও পারভিন খাতুন (১৯)।
পুলিশ বলছেন,গোপন সংবাদের ভিত্তিতে নেপা গ্রামের আব্দুল মান্নানের ভাড়াটিয়া জাকারিয়ার কক্ষে অবৈধভাবে ওষুধ বিক্রির উদ্দেশ্যে দুজন অবস্থান করছেন, এমন খবর পেয়ে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) টিপু সুলতান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষের চৌকির নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ৬ হাজার ৭০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ওষুধের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।