জয়পুরহাটের কালাই উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.আব্দুল বারী এমপি।
কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও শান্তির পায়রা অবমুক্ত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট মরহুমা খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পৌরসভার পাঁচশিরা থেকে মোলামগাড়ী সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। তিনি সড়কের পাশে কয়েকটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, কালাই উপজেলার বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, যুগ্ম-আহ্বায়ক মো টুকু চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার,কালাই পৌর বিএনপির আব্বায়ক সোহেল তালুকদার ও যুগ্ন আহবায়ক আব্দুল আলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।