দিঘলিয়ায়

পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলিবর্ষণ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ২৪ আগস্ট, ২০২৬, ০৪:৩২ পিএম | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৪:৩২ পিএম
পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলিবর্ষণ

খুলনার দিঘলিয়ায় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বিভাগীয় নেতার পরিচয়ে এক পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় রোববার ভোর রাতে ওই পল্লী চিকিৎসকের বাড়িতে ঢ়ুকে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ককটেল ও চকলেট বোমা বিষ্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির জানালার থাইগ্লাস ভেঙে গেলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বিভাগীয় নেতার পরিচয় দিয়ে ওই পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় গত ২২ আগষ্ট দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে অর্থাৎ রোববার ভোর রাতে ৮/১০ জন দুর্বৃত্ত দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্ণীকাঠি গ্রামের পল্লী চিকিৎসক অরবিন্দের বাড়িতে ঢ়ুকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় আগন্তকরা ককটেল ও চকলেট বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলির শব্দে আশপাশের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাড়ির জানালার থাইগ্লাস ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এক সূত্রে জানা গেছে, অরবিন্দ বিশ্বাস দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্ণীকাঠি গ্রামের অধিবাসী হলেও সে পল্লী চিকিৎসক হিসেবে নড়াইলের পেড়লী বাজারে পল্লী চিকিৎসক হিসেবে রোগী দেখেন। প্রচুর রোগী হয়। তিনি রোগীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এ কারণে একটি মহল তাকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্রে নেমেছে। মিথ্যা মেয়েলী ঘটনা সাজিয়ে একটা মহল একঢিলে দুই পাখি শিকারে নেমেছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে জানান, চরমপন্থী ঘটনা নয়। ঘটনাটা দিঘলিয়া থানার বাইরের। নারী ঘটিত ঘটনা। উক্ত পল্লী চিকিৎসক অরবিন্দ বিশ্বাস নড়াইলের কালিয়া উপজেলায় চিকিৎসক হিসেবে থাকাকালীন একটা মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা নিয়ে জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা নিয়েই এই ঘটনা ঘটেছে। 

তবে পুলিশের অপর এক সূত্রে জানা গেছে রবিবার ভোর রাতে অরবিন্দ বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্তরা আসে এবং ফাঁকা গুলি করে ত্রাস সৃষ্টি করে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বিভাগীয় প্রধান শিপলু নামে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে। টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটে। তারা টাকা না পেলে পুণরায় আসবে বলে জানান দিয়ে গেছে। অরবিন্দের এর আগেও ঘটনা ঘটেছে। তার ইতোপূর্বে অভয়নগর থানায় জিডি করেছে বলে জানা গেছে।  এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সকল সংস্থার কর্মকর্তাদের কাছে জোর দাবী জানিয়েছেন, ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত সময়ের মধ্যে শণাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

স্থানীয়রা এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পল্লী চিকিৎসক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। ঘটনার বিষয়ে পুলিশসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা  তদন্ত শুরু করেছে। উক্ত বাড়িতে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক শণাক্ত করে আইনের আওতায় আনা হবে এমনটাইনজানিয়েছে দিঘলিয়া থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে